ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের সদর উপজেলায় অবস্থিত ‘নর্থ হেয়ার প্রোডাক্ট বিডি কোম্পানি লিমিটেড’ নামক একটি চায়না প্রতিষ্ঠানে কর্মরত নারী শ্রমিকদের মধ্যে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন, যাদের মধ্যে গুরুতর অবস্থায় ১২ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালের দিকে সদর উপজেলার বড়ইল (বনকালি) এলাকায় অবস্থিত ওই কারখানায় এই লঙ্কাকাণ্ড ঘটে। শ্রমিকরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় কারখানা এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানার ভেতরে কাজ চলাকালীন হঠাৎ অজ্ঞাত কোনো কারণে নারী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকরা দিকবিদিক ছোটাছুটি শুরু করেন। একপর্যায়ে অনেকে শ্বাসকষ্টসহ শারীরিক অসুস্থতায় আক্রান্ত হন এবং বেশ কয়েকজন মাটিতে লুটিয়ে পড়েন। মুহূর্তের মধ্যে পুরো কারখানা এলাকায় ভীতি ছড়িয়ে পড়ে। হাসপাতালে ভর্তি হওয়া শ্রমিকদের মধ্যে রুনা খাতুন (২২), শিউলি (৪৫), রুবিনা খাতুন (৬২), গীতা রানী (৪০), নুপুর (১২), শারমিন (১৮), জান্নাতুল ফেরদৌস (২৫), রেশমা (৩৫) ও লাবনী আক্তারের (১৯) পরিচয় নিশ্চিত করা গেছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিকভাবে আতঙ্কজনিত শ্বাসকষ্ট ও দুর্বলতার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন; তবে বর্তমানে সবাই শঙ্কামুক্ত রয়েছেন।
খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশের পৃথক দুটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হঠাৎ কেন এই আতঙ্কের সৃষ্টি হলো তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এর পেছনে কোনো বিষাক্ত গ্যাস বা রাসায়নিকের সংশ্লিষ্টতা আছে কি না, তা গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
স্থানীয়রা জানান, কয়েক বছর আগে প্রতিষ্ঠিত এই চায়না কোম্পানিতে আশপাশের এলাকার কয়েক হাজার নারী ও কিশোরী শ্রমিক কাজ করেন। ঘটনার পর থেকে কোম্পানির কোনো কর্মকর্তা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি, যা নিয়ে শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে নানা রহস্য ও প্রশ্নের জন্ম দিয়েছে। বর্তমানে কারখানার স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে বিঘ্নিত হলেও পরিস্থিতি প্রশাসনের পর্যবেক্ষণে রয়েছে।
টি.আই/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ