গলাচিপায় নিখোঁজের ৯৬ ঘণ্টা পর তেতুলিয়া নদী থেকে যুবকের লাশ উদ্ধার

গলাচিপায় নিখোঁজের ৯৬ ঘণ্টা পর তেতুলিয়া নদী থেকে যুবকের লাশ উদ্ধার

আবু নাইম হোসাইন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় তেতুলিয়া নদীতে নিখোঁজ হওয়ার ৯৬ ঘণ্টা পর হাসান (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার চরকাজল গ্যাস ফিল্ড সংলগ্ন এলাকায় নদী থেকে তার মরদেহটি ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে চরশিবা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। নিহত হাসান গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের নুরু হাওলাদারের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিয়ের উদ্দেশ্যে চরকাজল এলাকায় গিয়েছিলেন হাসান। সেখানে কনে দেখা ও খাওয়া-দাওয়া শেষে ওইদিন বিকেলেই ডাকুয়া গ্রামের বাড়িতে ফেরার জন্য চরকাজল লঞ্চঘাটে খেয়া নৌকার অপেক্ষা করছিলেন তিনি। এ সময় লঞ্চঘাটের পল্টুনে বালতি দিয়ে নদী থেকে পানি তুলতে গিয়ে অসাবধানতাবশত তীব্র স্রোতে তেতুলিয়া নদীতে পড়ে তলিয়ে যান হাসান। ঘটনার পর পটুয়াখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল টানা দুই দিন উদ্ধার অভিযান চালালেও তার কোনো সন্ধান না পেয়ে অভিযান পরিত্যক্ত ঘোষণা করে। অবশেষে নিখোঁজের চারদিন পর শনিবার বিকেলে ঘটনাস্থলের অদূরে তার লাশ ভেসে ওঠে।

চরশিবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. কামাল উদ্দিন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। হাসানের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। মরদেহটি বর্তমানে নৌ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে দীর্ঘ চারদিন পর হাসানের নিথর দেহ উদ্ধারের সংবাদে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন