ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কক্সবাজার-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মাদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের চাপায় নূরানী মাদ্রাসার ছাত্র খালিদ বিন ওয়ালিদের মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রবিবার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান এই ঘটনার কঠোর নিন্দা জানিয়ে এমপির পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে সুন্দর ও সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতির প্রত্যাশা করা হচ্ছে, তার ধারাবাহিকতায় নৈতিক দায়ভার গ্রহণ করে ওই সংসদ সদস্যের অবিলম্বে পদত্যাগ করা উচিত। বিএনপি নেতৃত্বকে উদ্দেশ্য করে তিনি বলেন, সংশ্লিষ্ট সংসদ সদস্য স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে যেন পদচ্যুত করা হয়।
বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, বাংলাদেশের এমপি-মন্ত্রী ও রাজনৈতিক নেতারা নিজেদের দাপট ও কর্তৃত্ব জাহির করার জন্য প্রায়ই উচ্চগতিতে গাড়িবহর নিয়ে চলাচল করেন। এই ধরণের বেপরোয়া গতির কারণে সংঘটিত প্রাণহানি কেবল দুর্ঘটনা নয়, বরং একে হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করা চলে। শিশু খালিদের অকাল মৃত্যুতে তার মায়ের হাহাকার দেশের মানুষের হৃদয়কে বিদীর্ণ করেছে। তিনি অভিযোগ করেন, দুর্ঘটনার পর ওই সংসদ সদস্য স্থানীয় বিএনপি নেতাদের সহায়তা নিয়ে জনগণের হাতে আটক হওয়া গাড়িটি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছেন, যা চরম দায়িত্বহীনতা ও দাম্ভিকতার পরিচয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আরও বলা হয়, একটি শিশুর জীবনের কোনো ক্ষতিপূরণ হয় না। এই নির্মম ঘটনার পর জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার নৈতিক অধিকার সংশ্লিষ্ট সংসদ সদস্য হারিয়েছেন। পুরো ঘটনায় যে নির্মমতা ও নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ ঘটেছে, তা কোনোভাবেই কাম্য নয়। বিবৃতিতে এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। একইসাথে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ