ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নাজমুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট): বাগেরহাটের শরণখোলায় রাতের আঁধারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র একটি কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গভীর রাতে সুন্দরবন সংলগ্ন সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামে এই ঘটনা ঘটে। নির্বাচনের পর থেকে ধারাবাহিক সহিংসতার জেরে ওই এলাকায় এখন চরম আতঙ্ক বিরাজ করছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে শরণখোলা থানা পুলিশ ও বিএনপি নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ করেই বিএনপি অফিসে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছান। তবে তার আগেই কার্যালয়ের আসবাবপত্র ও নথিপত্রসহ ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শনকালে সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন ক্ষোভ প্রকাশ করে বলেন: "বাগেরহাট-৪ আসনে জামায়াতে ইসলামী জয়লাভ করলেও সাউথখালী ইউনিয়ন থেকে ধানের শীষ প্রতীকে সর্বোচ্চ ভোট পড়েছে। এরপর থেকেই পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শন চলছে।"
উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত জানান, বিএনপি নেতাকর্মীদের ধৈর্যকে দুর্বলতা ভেবে নির্বাচনের দিন থেকে সাউথখালী ইউনিয়নে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। এ পর্যন্ত একাধিক সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুর রহমান জানান, সাউথখালী ইউনিয়নের সোনাতলা এলাকায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বিএনপি অফিসে অগ্নিসংযোগের বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এন.আই/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ