ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে এমব্রয়ডারি কারখানার মালিক ও শ্রমিকদের কুপিয়ে আহত করার ঘটনার বিচার এবং চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের সন্ত্রাস রোধের দাবিতে আদাবর থানা ঘেরাও করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে বিক্ষুব্ধ এলাকাবাসী থানা ঘেরাও করার পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় ওই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীরা জানান, শনিবার সন্ধ্যায় আদাবর এমব্রয়ডারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রায়হান জহিরের কারখানায় আকস্মিকভাবে হামলা চালায় স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। জহিরের ভাতিজা মারুফ হাসান সুমন অভিযোগ করেন, রাসেল ওরফে কালা রাসেল নামের এক কিশোর গ্যাং সদস্য তার চাচার কাছে ঈদ উপলক্ষে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় সন্ধ্যায় রাসেলের নেতৃত্বে ৮-১০ জন সশস্ত্র সন্ত্রাসী কারখানায় ঢুকে তাণ্ডব চালায় এবং দুই শ্রমিককে কুপিয়ে গুরুতর জখম করে।
এলাকাবাসীর অভিযোগ, আদাবর ও মোহাম্মদপুর এলাকার ত্রাস হিসেবে পরিচিত ‘কিলার পাপ্পু’র আশ্রয়ে রানা ও কালা রাসেলের নেতৃত্বে এই কিশোর গ্যাং চক্রটি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দখলবাজি ও গণছিনতাই চালিয়ে আসছে। জীবননাশের ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পান না। এই ঘটনার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাত ১১টার দিকে শত শত মালিক-শ্রমিক আদাবর থানার সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। রাত সাড়ে ১২টা পর্যন্ত তাদের সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায়।
এ বিষয়ে ডিএমপির আদাবর থানার পরিদর্শক (অপারেশন্স) অপূর্ব দাস জানান, রাসেল নামের এক ব্যক্তির সঙ্গে শ্রমিকদের ঝামেলার জেরে তারা থানার সামনে এসে বিক্ষোভ করেছেন। পুলিশ তাদের শান্ত করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। দুই শ্রমিককে কুপিয়ে আহত করার দাবির বিষয়ে তিনি বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। এদিকে থানার ডিউটি অফিসার এসআই তাহমিদ জানান, ভুক্তভোগীরা থানায় এজাহার জমা দিচ্ছেন এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ