ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় এবং কোমরে রশি বাঁধা অবস্থায় বাবার জানাজায় অংশ নিয়েছেন জেলা ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৮)। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে রাজবাড়ী সদর উপজেলার নিমতলা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। আলাউদ্দিন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।
পারিবারিক সূত্রে জানা গেছে, আলাউদ্দিনের বাবা শুকুর পাটোয়ারী গতকাল দুপুরে ইন্তেকাল করেন। বাবার শেষ বিদায়ে অংশ নিতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হলে জেলা প্রশাসক দেড় ঘণ্টার (সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত আটটা) অনুমতি দেন। রাত সাতটার দিকে পুলিশি পাহারায় তাঁকে জানাজায় নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজার সময় তাঁর হাতকড়া খোলা হলেও নিরাপত্তার অজুহাতে কোমরে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল।
জানাজায় অংশ নেওয়া রাজবাড়ী জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রোমান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "আলাউদ্দিন রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমরা আর এ ধরনের প্রতিহিংসার রাজনীতি চাই না।" তিনি দ্রুত এই পরিস্থিতির সুষ্ঠু সমাধানের দাবি জানান।
রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার মো. এনামুল কবির জানান, নির্ধারিত সময়ের জন্য পুলিশ তাঁকে নিয়ে যায় এবং জানাজা শেষে রাত আটটায় পুনরায় কারাগারে ফেরত আনা হয়। কোমরে রশি ব্যবহারের বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, জানাজা শেষে তাঁকে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে রশি লাগানোর বিষয়টি কারা কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন।
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর যৌথ বাহিনীর অভিযানে একটি বিদেশি রিভলভার ও রামদাসহ আলাউদ্দিনকে আটক করা হয়েছিল। এরপর থেকে প্রায় আড়াই মাস ধরে তিনি অস্ত্র মামলায় রাজবাড়ী জেলা কারাগারে বন্দী রয়েছেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ