ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে বসুরহাট পৌর এলাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ১০-১৫ জন নেতাকর্মী জড়ো হন। তারা বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে তারা সবাই আওয়ামী লীগের স্থানীয় সক্রিয় নেতাকর্মী ও সমর্থক বলে জানা গেছে। ৫ই আগস্টের পটপরিবর্তনের পর সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জনসমাগম বা রাজনৈতিক কর্মসূচি পালনে বিধিনিষেধ রয়েছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, "শহীদ মিনারে ফুল দেওয়ার নাম করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করছিল। বিশৃঙ্খলা এড়াতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের পরিচয় এবং কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এম.ওয়াই.আর/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ