মণিরামপুরে ‘জনসেবা বাজারে’ হামলা: যুবদূতের স্টল ভাঙচুর

মণিরামপুরে ‘জনসেবা বাজারে’ হামলা: যুবদূতের স্টল ভাঙচুর

আব্দুল্লাহ আল মামুন, যশোর: রমজানে সাধারণ মানুষের ওপর দ্রব্যমূল্যের চাপ কমাতে যশোরের মণিরামপুরে যুবদূতের উদ্যোগে চালু হওয়া “রমজান জনসেবা বাজার”-এর একটি স্টলে ভাঙচুর চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গত রাতে পরিচালিত এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় স্থানীয় মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

ক্ষতিগ্রস্ত বাজারটি পরিদর্শনে গিয়ে যুবদূতের পরিচালক শরীফ মাহমুদ বলেন, “পবিত্র রমজান মাসে সাধারণ মানুষকে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করে পাশে দাঁড়ানোর মহৎ উদ্দেশ্যে আমরা এই বাজার চালু করেছি। সেখানে এমন হামলা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। হামলার সময় নিরাপত্তা প্রহরীদের ভূমিকাও খতিয়ে দেখা প্রয়োজন। আমরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।” তিনি আরও যোগ করেন যে, জনসেবামূলক এই মহৎ উদ্যোগকে ব্যাহত করতে একটি বিশেষ মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ হামলা চালিয়েছে বলে তাঁরা ধারণা করছেন।

এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লা খান জানান, ঘটনার খবর তাঁরা পেয়েছেন তবে এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই দুঃসময়ে ‘রমজান জনসেবা বাজার’ সাধারণ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের জন্য এক বড় ভরসার জায়গা ছিল। জনস্বার্থবিরোধী এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে বাজারের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি এই হামলার নেপথ্যে থাকা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন