ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা): খুলনার কয়রা উপজেলায় ধান ক্ষেতে ইঁদুর মারার জন্য পেতে রাখা অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতিকা বৈদ্য (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত লতিকা ওই গ্রামের বরুণ বৈদ্যের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহেশ্বরীপুর গ্রামের নিরুদ রায় তাঁর ধান ক্ষেতে ইঁদুর দমনের উদ্দেশ্যে পাশের বাড়ি থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে তারের ফাঁদ পেতে রেখেছিলেন। লতিকা বৈদ্য শনিবার সন্ধ্যায় নিখোঁজ হন। স্বজনরা রাতভর খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। রোববার ভোরে নিরুদ রায়ের ধান ক্ষেতে লতিকার মরদেহ বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এ ঘটনায় নিহতের পরিবার অবৈধ সংযোগদাতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিচার দাবি করেছেন।
কয়রা উপজেলায় ফসল রক্ষার্থে অবৈধ বিদ্যুৎ সংযোগে প্রাণহানির ঘটনা ক্রমেই আশঙ্কাজনক হারে বাড়ছে। গত বছর দক্ষিণ বেদকাশী ইউনিয়নে একই পরিবারের তিনজনসহ মোট ছয়জনের প্রাণহানি ঘটেছিল এমন বৈদ্যুতিক ফাঁদে। মানবাধিকার কর্মী ও স্থানীয় সাংবাদিক তারিকুল ইসলাম জানান, এভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্পূর্ণ অবৈধ এবং দণ্ডনীয় অপরাধ। ফসল বাঁচাতে গিয়ে মানুষের জীবন কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। তিনি প্রশাসনের কঠোর মনিটরিং ও কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শাহ আলম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ