ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েছেন ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর নামক স্থানে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী কর্মকর্তা বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মো. জাহাঙ্গীর আলম সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি বাসায় ফিরছিলেন। রাত আনুমানিক দেড়টার দিকে মহাসড়কের ফাজিলপুর এলাকায় পৌঁছালে চারজন মুখোশধারী ছিনতাইকারী তার ওপর হঠাৎ আক্রমণ করে। ছিনতাইকারীদের প্রত্যেকের হাতে ধারালো দেশীয় অস্ত্র ছিল। তারা অস্ত্রের মুখে জিম্মি করে অফিসের ব্যবহৃত একটি মোবাইল ফোন, সহকারী পরিচালকের ব্যক্তিগত একটি মোবাইল ও চালকের মোবাইল ফোনসহ মোট তিনটি সেট ছিনিয়ে নেয়। এছাড়া নগদ ১০ হাজার টাকা, অফিসের আইডি কার্ড এবং মূল্যবান নথিপত্রসহ তার ব্যক্তিগত ব্যাগটি ছিনতাই করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকের পক্ষ থেকে ছিনতাইয়ের অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষণিক তদন্ত শুরু করেছে। খোয়া যাওয়া মোবাইল ফোন ও মালামাল উদ্ধারসহ ছিনতাইকারী চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মহাসড়কের ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ