ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত ‘করিম শরীফ বাহিনী’র এক সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সুন্দরবনের শ্যালা নদী সংলগ্ন মূর্তির খাল ও তৈয়বের খাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত ডাকাতের নাম বাদশা শেখ (২৫)। তিনি বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের দুর্গম শ্যালা নদী সংলগ্ন মূর্তির খাল ও তৈয়বের খাল এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে ৪টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড তাজা গোলা, ১৭ রাউন্ড তাজা কার্তুজ ও ১০ রাউন্ড ফাঁকা কার্তুজসহ বাদশা শেখকে আটক করা হয়।
কোস্ট গার্ডের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত বাদশা শেখ স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর হয়ে সুন্দরবনের গহীন অরণ্যে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছিল। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাহিনীর সদস্যদের নির্বাচনী দায়িত্বে থাকার সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র সুন্দরবনে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছিল। তবে সুন্দরবনকে দস্যুমুক্ত রাখার দৃঢ় সংকল্পে কোস্ট গার্ড বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে। এই অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যে করিম শরীফ বাহিনীর ৫টি আস্তানা ধ্বংস করা হয়েছে। আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ