দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ মাদকসেবীর জেল

দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ মাদকসেবীর জেল

মোঃ আব্দুল মালেক, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদকবিরোধী এক বিশেষ অভিযানে ১১ জন মাদকসেবীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে ৩০ পিস নেশাজাতীয় ট্যাবলেটসহ আটক এক বৃদ্ধার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথভাবে এই ঝটিকা অভিযান চালায়।

অভিযান শেষে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বাসক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আটক ১১ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সাজাপ্রাপ্তদের মধ্যে দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ এলাকার মোঃ হানিফ, মোঃ মিস্টার (২৩), জিয়াউর রহমান (২৬), মোঃ রনি ইসলাম (২৪), কমল রায় (২৫), মোহাম্মদ তৌকির (৩৪); বোদা উপজেলার মোঃ মামুনুর রশিদ ও রাগিব; এবং নীলফামারীর ডোমার উপজেলার মোঃ পারভেজ আলম (২৭) ও মোঃ জহিরুল ইসলামসহ মোট ১১ জন।

অভিযানকালে নগর ভাউলাগঞ্জ এলাকার মৃত মজিবুর রহমানের স্ত্রী তাহমিনা বেগম (৭৫)-এর কাছ থেকে ৩০ পিস নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। বয়সের বিবেচনায় তাকে কারাদণ্ড না দিয়ে দেবীগঞ্জ থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ভ্রাম্যমাণ আদালতের রায়ে ১১ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক নারীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন