সিসিক প্রশাসক হিসেবে আব্দুল কাইয়ুম চৌধুরীর দায়িত্ব গ্রহণ

সিসিক প্রশাসক হিসেবে আব্দুল কাইয়ুম চৌধুরীর দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনিযুক্ত প্রশাসক (মেয়র পদমর্যাদার) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরভবনে তিনি বিদায়ী প্রশাসক ও সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী-এর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করা হবে। তিনি নাগরিক সেবার মানোন্নয়ন নিশ্চিত করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সিসিক-এ সুশাসন প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এর আগে সোমবার সরকার দেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিলে সিলেটের দায়িত্ব পান আব্দুল কাইয়ুম চৌধুরী। দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে বুধবার বেলা ১১টা ৫০ মিনিটে তিনি ঢাকা থেকে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় দলীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

নগরভবনে যাওয়ার আগে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি পবিত্র হযরত শাহজালাল (রহ.) এবং হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। সেখানে তিনি দেশ, জাতি ও সিলেটবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

উল্লেখ্য, গত বছর সরকার পরিবর্তনের পর দেশের সিটি করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগের ধারাবাহিকতায় বর্তমানে রাজনৈতিক ব্যক্তিদের এই দায়িত্বে ফিরিয়ে আনা হচ্ছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন