নানাবাড়িতে বেড়াতে এসে অগ্নিকাণ্ডে দগ্ধ শিশু তৌহিদুল

নানাবাড়িতে বেড়াতে এসে অগ্নিকাণ্ডে দগ্ধ শিশু তৌহিদুল

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসময় নানার সঙ্গে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে তৌহিদুল ইসলাম (৮) নামে এক শিশু। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার দেওঘর ইউনিয়নের আলিনগর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে কৃষক আবু তুরাবের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়লে দুটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। তৌহিদুল ইসলাম কাস্তুল ইউনিয়নের বাতশালা গ্রামের আব্দুল মজিদের ছেলে। সে সম্প্রতি মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। অগ্নিকাণ্ডের খবর পেয়ে অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আহত শিশুকে দ্রুত উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম জানান, শিশুটির শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে তাদের প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন