জলঢাকায় আওয়ামী নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
উপজেলা প্রতিনিধি, জলঢাকা (নীলফামারী): নীলফামারীর জলঢাকা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-পরবর্তী একটি মামলায় ২নং ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মুকুলকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার (২১ জুন) বিকেলে ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত চেয়ারম্যানপাড়া এলাকার মৃত সুলায়মানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সহিংসতার ঘটনায় দায়েরকৃত জিআর ১২/২৪ মামলার এজাহারনামীয় আসামি হিসেবে সাইফুল ইসলামের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান ছিল। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ও পুলিশি নজরদারিতে ছিলেন। আজ বিকেলে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসেছেন— এমন গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকা থানা পুলিশ সেখানে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, "বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় এজাহারভুক্ত আসামি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামকে পরিষদ কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।"
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম মুকুলের বিরুদ্ধে ২০১৩ সালের বহুল আলোচিত 'মুসলিম হত্যা মামলা'-ও আদালতে বিচারাধীন রয়েছে। তবে পুলিশ জানিয়েছে, এবারের গ্রেপ্তারটি সুনির্দিষ্টভাবে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলার প্রেক্ষিতেই করা হয়েছে।
এআইএল/সকালবেলা
|