জামালপুরে আ.লীগ নেতা গ্রেফতার

প্রকাশ: বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ণ
জামালপুরে আ.লীগ নেতা গ্রেফতার

মো. ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলার ১ নম্বর দুরমুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সৈয়দ খালেকুজ্জামান জুবেরীকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর দেড়টার দিকে মেলান্দহ উপজেলা পরিষদ সংলগ্ন সড়ক থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার সৈয়দ খালেকুজ্জামান জুবেরী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং দুরমুট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে চেয়ারম্যান জুবেরী আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তাঁর বিরুদ্ধে মেলান্দহ থানায় একটি সুনির্দিষ্ট নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, “গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জুবেরীর বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। গ্রেফতারের পর থানার যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ বিকেলেই তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন