দক্ষ মানবসম্পদ গড়তে মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: পানিসম্পদমন্ত্রী
লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ প্রচলিত সাধারণ বা জেনারেল শিক্ষার পাশাপাশি মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষার দ্রুত সম্প্রসারণে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শনিবার (৪ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে মন্ত্রী বিদ্যালয়টির নবনির্মিত আধুনিক একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী বলেন, “শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে এবং ঝরে পড়া রোধে সরকারের পক্ষ থেকে নানামুখী সহায়তা কার্যক্রম সচল রাখা হয়েছে। এরই অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প) ‘মিড-ডে মিল’ বা দুপুরের খাবার কর্মসূচি চালু করা হয়েছে। একই সঙ্গে মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু সনদসর্বস্ব শিক্ষা না দিয়ে আধুনিক ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। এই উপযোগিতার কথা বিবেচনা করেই এ খাতে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার ও নীতিগত সমর্থন অব্যাহত থাকবে। পাশাপাশি সাধারণ ও কারিগরি উভয় ধারার শিক্ষার্থীদের পড়ালেখা সচল রাখতে সরকারের পক্ষ থেকে নিয়মিত উপবৃত্তির ব্যবস্থাও সচল রয়েছে।
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রীর একান্ত সহকারী সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা।
এছাড়াও চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম এবং প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
|