ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর আবারও সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন কমিশন ঘোষিত ২৯৭টি আসনের বেসরকারি ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে এবং তাদের মিত্ররা পেয়েছে আরও ৩টি আসন। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি এবং তাদের নির্বাচনী মিত্র জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি আসনে বিজয়ী হয়েছে। ইসির তথ্যমতে, এবারের নির্বাচনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫৯ দশমিক ৪৪ শতাংশ মানুষ।
নির্বাচনে অন্তত ৫০টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেলেও ২৬ জন প্রার্থী লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে চমক সৃষ্টি করেছেন। এর মধ্যে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীদের চেয়ে দেড় লাখেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়ে সংসদে যাচ্ছেন। ফলাফলের বিশ্লেষণে দেখা যায়, সারা দেশে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন রাঙামাটি (২৯৯ নম্বর) আসনের বিএনপি প্রার্থী দীপেন দেওয়ান। তিনি ২ লাখ ১ হাজার ৫৪৪ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে ১ লাখ ৭০ হাজার ৩২২ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন। জয়ের ব্যবধানে দ্বিতীয় অবস্থানে রয়েছেন রাজবাড়ী-২ আসনের বিএনপি প্রার্থী হারুন-অর-রশিদ। তিনি ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে এনসিপির জামিল হিজাজীকে ১ লাখ ৬৯ হাজার ৯৫৫ ভোটে হারিয়েছেন।
জয়ের ব্যবধানে তৃতীয় অবস্থানে রয়েছেন জামালপুর-৩ আসনের বিএনপি প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি ধানের শীষ প্রতীকে ২ লাখ ৬ হাজার ২১৪ ভোট পেয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীকে ১ লাখ ৬২ হাজার ৫৩ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এছাড়া সাতক্ষীরা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আব্দুল খালেক ২ লাখ ৬৬ হাজার ৯৫৯ ভোট পেয়ে বিএনপির প্রার্থীকে ১ লাখ ৫০ হাজার ৭৩০ ভোটের ব্যবধানে পরাজিত করে চতুর্থ সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছেন। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, বিজয়ী এই চার প্রার্থীর প্রতিটি আসনেই মোট ভোটার সংখ্যা ৫ লাখের বেশি ছিল।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ