সিরাজগঞ্জে বাস-রিকশা সংঘর্ষে গৃহিণী নিহত, চালক আহত

সিরাজগঞ্জে বাস-রিকশা সংঘর্ষে গৃহিণী নিহত, চালক আহত

জলিলুর রহমান জনি, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর শহরের বিয়ারা ঘাট এলাকায় বাস ও রিকশার মুখোমুখি সংঘর্ষে আখি খাতুন (২৫) নামের এক গৃহিণী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিকশাচালক। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আখি খাতুন বিয়ারা ঘাট এলাকার ফারুক হোসেনের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এসআই কাউন্টার থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে বিয়ারা ঘাট এলাকায় একটি রিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে রিকশার যাত্রী আখি খাতুন ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত রিকশাচালককে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে শনাক্তের চেষ্টা চলছে।

জে.আর.জে/সকালবেলা

মন্তব্য করুন