দুই উপজেলায় চার এমপি: মৌলভীবাজারে আনন্দের জোয়ার

দুই উপজেলায় চার এমপি: মৌলভীবাজারে আনন্দের জোয়ার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার দুটি উপজেলা—কুলাউড়া ও কমলগঞ্জ এক অনন্য কৃতিত্বের দাবিদার হয়ে উঠেছে। এই দুই উপজেলা থেকে পৃথক পৃথক আসনে লড়ে মোট চারজন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

কুলাউড়া উপজেলা থেকে নির্বাচিত হয়েছেন দুইজন। ঢাকা-১৫ আসন থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি ৮৫ হাজার ১৩১ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীকে পরাজিত করেন। অপরদিকে, কেবল কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির শওকতুল ইসলাম শকু। ১৪ হাজার ৯২৩ ভোটের ব্যবধানে জয়ী হয়ে দীর্ঘ ৩০ বছর পর এই আসনটি বিএনপিকে পুনরুদ্ধার করে দিয়েছেন তিনি।

কমলগঞ্জ উপজেলা থেকেও নির্বাচিত হয়েছেন দুজন হেভিওয়েট সংসদ সদস্য। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়ে প্রথমবার এমপি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। তিনি কমলগঞ্জ পৌর এলাকার খুশালপুর গ্রামের বাসিন্দা।

অন্যদিকে, সিলেট-৪ আসন থেকে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। তাঁর পৈতৃক নিবাসও কমলগঞ্জের মুন্সীবাজার ইউনিয়নে। তিনি ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

একই উপজেলার বাসিন্দা হয়ে পৃথক দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন থেকে নির্বাচিত হওয়ায় কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলা জুড়ে আনন্দের বন্যা বইছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নবনির্বাচিত এমপিদের মধ্যে বর্ষীয়ান ও ত্যাগী নেতাদের আগামীর মন্ত্রিসভায় স্থান পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একই উপজেলা থেকে একাধিক আসনে বিজয়ী হওয়ার এমন নজির সচরাচর দেখা যায় না।

টি.বি/সকালবেলা

মন্তব্য করুন