আমাকে গ্রেপ্তার করা হয়েছে বলে গুজব ছড়ানো হচ্ছে: ভিডিও বার্তায় মাহদী হাসান

আমাকে গ্রেপ্তার করা হয়েছে বলে গুজব ছড়ানো হচ্ছে: ভিডিও বার্তায় মাহদী হাসান

মোঃ ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে—এমন একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

রোববার দিনভর বিভিন্ন ফেসবুক পোস্ট ও অনলাইন প্ল্যাটফর্মে তাঁর গ্রেপ্তারের খবর ভাইরাল হয়। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়। তবে বিকেলে মাহদী হাসান তাঁর নিজস্ব ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, তাঁকে গ্রেপ্তার করা হয়নি এবং এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব।

ভিডিও বার্তায় তিনি বলেন, “আমাকে গ্রেপ্তার করা হয়েছে বলে যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমি সুস্থ আছি এবং কোথাও আমাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।” তিনি এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এ ঘটনায় জেলাজুড়ে চলমান গুঞ্জনের পর মাহদী হাসানের ভিডিও বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ইউ.এইচ/সকালবেলা

মন্তব্য করুন