চব্বিশের পরাজিত শক্তিকে আসকারা না দেওয়ার আহ্বান রিজভীর
বিশেষ সংবাদদাতা: দেশের গণ-অভ্যুত্থানে পরাজিত শক্তিকে কোনো ধরনের প্রশ্রয় বা আসকারা না দেওয়ার জন্য সকল বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি অভিযোগ করেছেন, দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রাজনৈতিকভাবে বিতাড়িত শক্তিকে পুনরায় পুনর্বাসনের অপচেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিটি রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজপথে যেকোনো গণতান্ত্রিক কর্মসূচি পালনের পূর্ণ অধিকার রাজনৈতিক দলগুলোর থাকলেও এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করা যাবে না, যার সুযোগ নিয়ে ২৪-এর পরাজিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
সাম্প্রতিক বাসে আগুন ও নাশকতার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এগুলো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করে ফায়দা নেওয়ার পরিকল্পিত চেষ্টা।
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ভূয়সী প্রশংসা করে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে এখন সুস্থ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে। যার ফলে দলমত নির্বিশেষে সবাই অবাধে কর্মসূচি পালন করতে পারছে। এছাড়া জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর দেওয়া বৈশ্বিক শান্তির বার্তা সারা বিশ্বের শান্তিকামী মানুষের আকাঙ্ক্ষারই বাস্তব প্রতিফলন।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, এমপির সভাপতিত্বে সমাবেশে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নয়াপল্টন এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এআইএল/সকালবেলা