জাতিসংঘে ‘বিসমিল্লাহ’ বলে তারেক রহমানের ভাষণ

প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ণ
জাতিসংঘে ‘বিসমিল্লাহ’ বলে তারেক রহমানের ভাষণ

বিশেষ সংবাদদাতা: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য শুরুর আগে প্রথাগতভাবে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পাঠের ঐতিহাসিক ধারাবাহিকতা বজায় রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও বিশ্বমঞ্চে একইভাবে ভাষণ শুরু করেছিলেন।

কূটনৈতিক এই সর্বোচ্চ মঞ্চে নিজেদের বক্তব্যের সূচণা লগ্নেই দেশীয় সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ তুলে ধরে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।

ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘের ১১তম অধিবেশনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর বক্তব্যের শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের স্বতন্ত্র আত্মপরিচয় তুলে ধরেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে বেগম খালেদা জিয়াও একাধিকবার জাতিসংঘে বক্তব্যের শুরুতে একই রীতির অনুসরণ করেন।

সেই ধারাবাহিকতায় ২০২৬ সালের সাধারণ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শুরুতেই ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ উচ্চারণ করেন। চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট, আঞ্চলিক ভূরাজনীতি ও দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরার আগে তাঁর এই সূচনা দেশে ও প্রবাসে ব্যাপক প্রশংসিত হয়।

উল্লেখ্য, বিশ্বমঞ্চে তুরস্কের প্রেসিডেন্ট রজপ তাইয়িপ এরদোয়ান, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানসহ অনেক মুসলিম দেশের শীর্ষনেতারাও বক্তব্য শুরুর আগে ‘বিসমিল্লাহ’ পাঠ করে থাকেন। জিয়াউর রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মাধ্যমে জাতিসংঘে এই চর্চা বাংলাদেশে এক অনন্য রাজনৈতিক ও কূটনৈতিক ঐতিহ্য হিসেবে স্থান করে নিয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন