গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী
স্টাফ রিপোর্টার: গ্যাস ও বিদ্যুৎ সংকটকে পুঁজি করে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি ও জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাসাস আয়োজিত ‘সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুতের সংকট-সরকার ও জনগণের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের উপস্থিতিতে রিজভী বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত, আন্তর্জাতিক এলএনজি সরবরাহে বাধা ও মহেশখালীর টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে এ সংকট তৈরি হয়েছে। তা সত্ত্বেও দ্রুত সমাধানের লক্ষ্যে সরকার অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা বরাদ্দসহ মিয়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে গ্যাস আমদানির তৎপরতা চালিয়ে যাচ্ছে।
সাবেক সরকারের কঠোর সমালোচনা করে রিজভী অভিযোগ করেন, বিগত ১৭ বছরে ক্যাপাসিটি চার্জ ও ইনডেমনিটি আইনের নামে জ্বালানি খাত থেকে বিপুল অর্থ লুটপাট করা হয়েছে। সংকট নিরসনে সরকারের উদ্যোগের পাশে থেকে বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান তিনি। সেমিনারে চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে বিশিষ্টজনেরা বক্তব্য দেন।
এআইএল/সকালবেলা