ফার্মাসিস্ট কোর্স বাতিলের প্রতিবাদে নাগরপুরে মানববন্ধন

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ণ
ফার্মাসিস্ট কোর্স বাতিলের প্রতিবাদে নাগরপুরে মানববন্ধন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের পক্ষ থেকে ‘সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্স’ প্রশিক্ষণ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

বুধবার (১৮ নভেম্বর) সকালে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল-নাগরপুর-আরিচা আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন উপজেলা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করেন। তাঁরা বলেন, তৃণমূল পর্যায়ে সঠিক ওষুধ সেবা নিশ্চিত করতে সি-গ্রেড ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সাধারণ ওষুধ ব্যবসায়ী ও জনস্বার্থের কথা বিবেচনা করে অবিলম্বে সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্সের প্রশিক্ষণ কার্যক্রম পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

কর্মসূচিতে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো. মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান, সহসভাপতি পংকজ কুমার সাহা, উপদেষ্টা কালাচাঁদ পোদ্দার ও শরিফুল ইসলাম বাবুলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় ওষুধ ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

এআইএল/সকালবেলা