৭ নভেম্বর পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার

প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ণ
৭ নভেম্বর পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার

স্টাফ রিপোর্টার: যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

বিবৃতিতে জামায়াত আমির বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসের একটি অন্যতম তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার প্রত্যয়ে দেশপ্রেমিক সিপাহি ও সাধারণ জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল। তাঁদের সেই ঐতিহাসিক প্রতিরোধ ও ঐক্যের মধ্য দিয়েই তৎকালীন সময়ের চরম ষড়যন্ত্র ও রাজনৈতিক সংকট মোকাবিলার অধ্যায় সূচিত হয়। ৩ নভেম্বরের সামরিক অভ্যুত্থান পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতিতে দেশপ্রেমিক সৈনিক-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা জাতিকে নতুন পথ দেখায়।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সময়েও দেশ ও জাতি নানা ধরনের রাজনৈতিক ও জাতীয় সংকটের মুখোমুখি হচ্ছে। এই পরিস্থিতিতে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে পরিচালিত যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। অতীতে অর্জিত শিক্ষা থেকে অনুপ্রেরণা নিয়ে দেশকে পুনরায় কোনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী ব্যবস্থার দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।

জাতীয় ঐক্য, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখার তাগিদ দিয়ে বিরোধীদলীয় নেতা দেশের সকল রাজনৈতিক দল, ছাত্র-জনতা, সরকার ও সামরিক বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান। একই সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা ও সর্বস্তরের জনগণকে দিবসটি গুরুত্বের সাথে উদযাপনের আহ্বান জানান তিনি।

এআইএল/সকালবেলা