পোশাক শিল্পে নতুন বেতন দু-এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ণ
পোশাক শিল্পে নতুন বেতন দু-এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি (বাগেরহাট): তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য গঠিত মজুরি বোর্ড আগামী এক থেকে দুই মাসের মধ্যে নতুন ন্যূনতম বেতন নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পোশাক খাতের সম্প্রতি উদ্ভূত অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের মজুরি সংক্রান্ত যৌক্তিক দাবি-দাওয়া বিবেচনার লক্ষ্যে ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং তারা কাজও শুরু করেছে। তবে সাধারণ কোনো শ্রমজীবী মানুষ নিজেদের শিল্পপ্রতিষ্ঠানের ক্ষতি করতে পারেন না। একটি বিশেষ মহল শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে সুযোগ নিয়ে বিভিন্ন কলকারখানায় ভাঙচুর চালিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে।

তিনি আরও উল্লেখ করেন, গত ৫০ বছরে গড়ে ওঠা শিল্পকারখানাগুলো দেশের মূল অর্থনৈতিক চালিকাশক্তি ও বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস। লাখ লাখ মানুষের জীবিকার এই সম্পদ রক্ষা করা সবার দায়িত্ব।

বাগেরহাট জেলা বিএনপির নেতা ব্যারিস্টার জাকির হোসেনের সভাপতিত্বে পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পথসভা শেষে প্রধানমন্ত্রী ঐতিহাসিক হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এর আগে সকালে তিনি মোংলা বন্দরে ‘ইনভেস্ট বাংলাদেশ’ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগদান করেন এবং মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এআইএল/সকালবেলা