রেমিট্যান্স যোদ্ধারা প্রতিটি সেক্টরে অত্যাচারিত: এমপি মনিরুল

প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ণ
রেমিট্যান্স যোদ্ধারা প্রতিটি সেক্টরে অত্যাচারিত: এমপি মনিরুল

হাবিবুর রহমান মুন্না (কুমিল্লা): “আমরা প্রবাসীদের রেমিট্যান্স যোদ্ধা বলি, কিন্তু বাস্তবে তাঁদের মতো অত্যাচারিত আর কেউ নেই। প্রতিটি সেক্টরেই তাঁরা হয়রানির শিকার হচ্ছেন।” কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শনকালে সেবাগ্রহীতাদের চরম ভোগান্তি দেখে ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

এমপি মনিরুল হক চৌধুরী বলেন, পাসপোর্ট অফিস, এনআইডি অফিস, জন্মনিবন্ধন থেকে শুরু করে বিমানবন্দর—এমন কোনো জায়গা নেই, যেখানে প্রবাসীরা হয়রানির শিকার হচ্ছেন না। সব দপ্তরই সরকারি হওয়া সত্ত্বেও প্রবাসীদের এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অথচ প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর দেশের অর্থনীতি গতিশীল রয়েছে।

তিনি আরও জানান, প্রবাসীদের হয়রানি রোধে ইতোমধ্যে পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. নুরুল হাফিজের সঙ্গে তাঁর কথা হয়েছে। আগামী রবিবার থেকে পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস মিলেছে। পাশাপাশি সেবার মান বাড়াতে কুমিল্লায় দুটি সাব-অফিস ও একটি নতুন বিভাগীয় কার্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এ সময় পাসপোর্ট অফিসের দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পুলিশ সুপারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলেন।

পরিদর্শন শেষে সংসদ সদস্য পাসপোর্ট অফিসের সম্মেলনকক্ষে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন এবং প্রবাসীদের দ্রুত সেবা নিশ্চিত করার তাগিদ দেন।

এআইএল/সকালবেলা