দৌলতপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ণ
দৌলতপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

কাঞ্চন কুমার (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা তালগাছের সঙ্গে ধাক্কা লেগে রোকন হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শশীধরপুর-স্বরূপপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকন হোসেন উপজেলার তারাগুনিয়া মধ্যপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়ি থেকে একটি মোটরসাইকেল নিয়ে শশীধরপুর হয়ে স্বরূপপুরের দিকে যাচ্ছিলেন রোকন। পথে সড়কের একটি বাঁক ঘোরার সময় দ্রুতগতির কারণে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি তালগাছের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক তদন্ত শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এআইএল/সকালবেলা