আবারও বাড়ল জেট ফুয়েলের দাম
সকালবেলা নিউজ: দেশে জেট ফুয়েল বা উড়োজাহাজের জ্বালানির (জেট এ-১) দাম ফের বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যের এই তথ্য জানানো হয়।
ঘোষিত মূল্য অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের ব্যবহারের জন্য শুল্ক ও মূসকসহ প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৮৯ টাকা ৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত অক্টোবরে এই দাম ছিল ১৮২ টাকা ৭১ পয়সা। অর্থাৎ মাসের ব্যবধানে প্রতি লিটারে জ্বালানির দাম ৬ টাকা ৩২ পয়সা বেড়েছে।
বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর গড় প্ল্যাটস রেট এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্ট অনুযায়ী মার্কিন ডলারের বিনিময় হার বিশ্লেষণ করে নতুন এই সমন্বয় করা হয়েছে।
তবে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জ্বালানির দাম শুল্ক ও মূসকমুক্ত অবস্থায় ১ দশমিক ১৮৮২ ডলার থেকে সামান্য কমিয়ে ১ দশমিক ১৬৩৭ ডলার নির্ধারণ করা হয়েছে। নতুন ঘোষিত এই দর আজ রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
এআইএল/সকালবেলা