ফ্যামিলি কার্ড নিয়ে গুজবের প্রতিবাদে ছাত্রদলের সংবাদ সম্মেলন

প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ণ
ফ্যামিলি কার্ড নিয়ে গুজবের প্রতিবাদে ছাত্রদলের সংবাদ সম্মেলন

রিপন খান রবিন, নাগরপুর উপজেলা প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ প্রক্রিয়া ঘিরে অপপ্রচার ও গুজব রটানোর তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ছাত্রদল। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল। তিনি বলেন, "বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা সম্পন্ন করেছেন। এখানে বিএনপি বা অঙ্গসংগঠনের কোনো হস্তক্ষেপ ছিল না; পুরো বিষয়টি প্রশাসনের নিয়ন্ত্রণে ছিল।"

লিখিত বক্তব্যে মীর খালিদ মাহবুব রাসেল আরও অভিযোগ করেন, সরকারের সুশাসন ও ফ্যামিলি কার্ড বিতরণের গতি থামিয়ে দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর গুজব ছড়ানো হচ্ছে। বিশেষ করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে নিরীহ জনগণকে বিভ্রান্ত করে সরকারের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি সাধারণ জনগণকে এসব অপপ্রচারে কান না দেওয়ার আকুল আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, স্থানীয় একটি মহল অন্যায় উদ্দেশ্যে পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁতারা করছে। এরই অংশ হিসেবে গত রোববার (৯ আগস্ট) ফেসবুক লাইভে এসে পুরো নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়। পরবর্তীতে নাগরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে একটি গোষ্ঠী জড়ো হয়ে বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাত্রদল নেতাকর্মীরা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই গোষ্ঠী হামলা চালালে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কসহ অন্তত তিনজন আহত হন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুর রহমান মনির, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম আসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক পলাশ মিয়া, মোস্তাকিন মিয়া, রাসেল রহমান হৃদয়, নাগরপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়ামিন মিয়া আকাশ, সলিমাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাদল শেখসহ উপজেলা ও ইউনিয়ন শাখা ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন