যশোরে যুবলীগ নেতা মুনসুর আটক

প্রকাশ: সোমবার, ১০ আগস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ণ
যশোরে যুবলীগ নেতা মুনসুর আটক

বিশেষ প্রতিনিধি: যশোরের উপশহর এলাকার যুবলীগ নেতা মুনসুর আলমকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

রোববার (৯ আগস্ট) রাত ৩টার দিকে মণিরামপুর উপজেলার এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরবর্তীতে তাঁকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

আটককৃত মুনসুর আলম যশোর শহরের উপশহর সি-ব্লক এলাকার বাসিন্দা।

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) বাবলা দাশ জানান, সম্প্রতি যশোরের রাজারহাট এলাকায় অনুষ্ঠিত মশাল মিছিলকে কেন্দ্র করে কোতোয়ালি থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মুনসুর আলম। ঘটনার পর থেকেই তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আত্মগোপনে থাকাকালে মুনসুর আলম বিভিন্ন অস্থিতিশীলতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে গোপন তথ্য পাওয়া যায়। তাঁর অবস্থান চিহ্নিত হওয়ার পর রোববার শেষ রাতে ডিবি পুলিশের একটি বিশেষ দল মণিরামপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর তাঁকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন