স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

প্রকাশ: বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ণ
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

অনলাইন ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ৩১ আগস্ট হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতিমধ্যে দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং নিবন্ধন কর্মকর্তাদের (রেজিস্ট্রেশন অফিসার) এই সংক্রান্ত আইনি ও প্রশাসনিক নির্দেশনা পাঠিয়েছে সাংবিধানিক এই সংস্থাটি।

ইসির সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক সরকারি চিঠি থেকে ভোটার তালিকা চূড়ান্তকরণের এই সুনির্দিষ্ট তথ্য জানা গেছে।

মাঠপর্যায়ে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্তরের আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এই ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যে ‘ভোটার তালিকা আইন, ২০০৯’ এর ধারা ৩ (জ) অনুযায়ী ভোটার হওয়ার যোগ্যতা অর্জনের সর্বশেষ তারিখ হিসেবে ‘৩১ জুলাই ২০০৮’ কমিশন কর্তৃক নির্ধারণ করা হয়েছে।

সেই প্রেক্ষিতে ভোটার তালিকা ডেটাবেইজে ৩১ জুলাই ২০০৮ তারিখ বা তার পূর্বে যাদের জন্ম, এমন ব্যক্তিদের মধ্যে ৩১ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত যারা ইসির ডেটাবেইজে নতুন করে নিবন্ধিত হয়েছেন বা সামনে হবেন, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির চূড়ান্তকরণের লক্ষ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ, তার ওপর নাগরিকদের দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিল এবং পরবর্তীতে দাখিলকৃত আবেদনগুলো আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সংক্রান্ত বিস্তারিত সময়সূচি কমিশন কর্তৃক অনুমোদিত হয়েছে।

ইসি ঘোষিত ভোটার তালিকার পূর্ণাঙ্গ সময়সূচি:

  • ৪ আগস্ট: হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ (PDF) কপি প্রস্তুতকরণ ও মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের নিকট ডাউনলোডের লিংক প্রেরণের শেষ তারিখ।

  • ৯ আগস্ট: দেশজুড়ে সর্বসাধারণের দেখার জন্য অফিশিয়াল খসড়া ভোটার তালিকা প্রকাশ।

  • ২৪ আগস্ট: প্রকাশিত খসড়া তালিকার ওপর যেকোনো ধরনের দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ।

  • ২৭ আগস্ট: সংশোধনকারী কতৃপক্ষ (রিভিশনাল অথরিটি) কর্তৃক নাগরিকদের দাখিলকৃত দাবি, আপত্তি ও সংশোধনীর আবেদনসমূহ যাচাই-বাছাইপূর্বক নিষ্পত্তির শেষ তারিখ।

  • ২৮ আগস্ট: দাবি, আপত্তি ও সংশোধনীর আবেদনের ওপর গৃহীত চূড়ান্ত সিদ্ধান্তসমূহ কেন্দ্রীয় সার্ভার ও ডেটাবেইজে সন্নিবেশ করার শেষ তারিখ।

  • ৩১ আগস্ট: হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ।

চিঠিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও নির্দেশনা দিয়ে বলা হয়, এই সংশোধন ও হালনাগাদ কার্যক্রম চলাকালীন মুদ্রিত খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখতে হবে। তালিকায় কোনো ভুলত্রুটি থাকলে তা সংশোধনের আবেদন দাখিলের আহ্বান জানিয়ে স্থানীয় মসজিদ, মন্দিরসহ সব ধর্মীয় উপাসনালয়ে ইমাম ও পুরোহিতগণের মাধ্যমে নামাজ বা প্রার্থনার আগে ও পরে বিশেষ ঘোষণা প্রদানের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে স্থানীয় গণমাধ্যমকর্মী, সংবাদিক ও ডিশ বা ক্যাবল অপারেটরের স্ক্রলে গণবিজ্ঞপ্তি আকারে জনস্বার্থে তা ব্যাপকভাবে প্রচারের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মন্তব্য করুন