এলাকার সমস্যা সমাধানে এক মঞ্চে সরকারি দল ও বিরোধী দলীয় নেতা
অনলাইন ডেস্ক : ঢাকা-১৫ আসন এলাকার তীব্র পানির সংকট, গ্যাস সমস্যা ও কিশোর গ্যাংয়ের উপদ্রবসহ বিদ্যমান নাগরিক সমস্যাগুলো সরকারি দল ও বিরোধী দল মিলে জনগণের সহায়তায় সমাধান করা হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, "এসব সমস্যা শুধু আইন-শৃঙ্খলা বাহিনী বা সরকারের একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। জনগণ যদি নিজে থেকে এগিয়ে না আসে, তাহলে কোনোদিনও এই সমস্যার স্থায়ী সমাধান করা যাবে না।"
বুধবার (১ জুলাই) ঢাকা-১৫ আসনের অন্তর্গত চারটি স্থানে পৃথক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এলাকার দীর্ঘদিনের পানির সমস্যা, গ্যাসের সংকট দূর করা, ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ, অবৈধ খাল দখলমুক্ত করাসহ সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসেবামূলক কার্যক্রমে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
এদিন তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে প্রথমে পশ্চিম শেওড়াপাড়ার ৩ নম্বর গলিতে আনুষ্ঠানিক পরিদর্শন শুরু করেন। পরে পর্যায়ক্রমে পূর্ব মনিপুরের বাইতুর রহিম জামে মসজিদ এলাকা, বাইশটেকী সরকার বাড়ি মোড়ের ৪ নম্বর ওয়ার্ড এলাকা এবং ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা ডেঙ্গু পরিস্থিতি, পশ্চিম শেওড়াপাড়া খালের অবস্থা এবং গ্যাস-পানির সংকট নিয়ে উপস্থিত স্থানীয় জনগণের নানা অভিযোগ শোনেন ও তা দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন।
মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে আমার কথা শুনেছেন এবং তা রেখেছেন। এরই আলোকে আজ দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরকারি দল ও বিরোধী দল একত্রে এলাকার সমস্যা সমাধানে মাঠে মিলিত হয়েছে। জনগণের সার্বিক সহায়তায় আমরা সব সমস্যার সমাধান করব, ইনশাল্লাহ।"
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রতিটি নাগরিককে সরকারকে সহযোগিতা করার অনুরোধ জানানোর পাশাপাশি, এমন একটি ব্যতিক্রমধর্মী ও জনকল্যাণমুখী উদ্যোগের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিরোধী দলীয় নেতা।
এলাকার দীর্ঘদিনের তীব্র পানির সংকট দূর করতে সংসদ সদস্য ও বিরোধী দলীয় নেতা, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং ডিএনসিসি প্রশাসক যৌথভাবে পশ্চিম শেওড়াপাড়া ও মনিপুর এলাকায় পাঁচটি নতুন পানির পাম্প নির্মাণের ঘোষণা দেন। এই পাম্পগুলো দ্রুত স্থাপনের জন্য এলাকার জনগণকে স্থান নির্বাচন করে দেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে তারা প্রত্যেকে নিজস্ব তহবিল থেকে প্রতিটি পানির পাম্পের জন্য ২০ লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেন।
উক্ত মতবিনিময় সভায় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি), তিতাসের এমডি, উত্তর সিটি করপোরেশনের মুখ্য নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
|