সুন্দরগঞ্জে মা-ছেলের লাশ উদ্ধার, সতীন আটক
হাবিবুল্লাহ্ সরকার, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে আঁখি বেগম (৩৫) ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে আদিল মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাঁদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহত আঁখি বেগমের সতীন শাহিনা বেগমকে (৩২) আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আঁখি বেগম ওই গ্রামের রেলওয়ে কর্মচারী আব্দুর রাজ্জাক মিয়ার প্রথম স্ত্রী। নিহত শিশু আদিল মিয়া তাঁদের তৃতীয় সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় ঘরের ভেতর থেকে মা ও ছেলের নিথর দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আব্দুর রাজ্জাকের দ্বিতীয় স্ত্রী শাহিনা বেগমকে আটক করেছে পুলিশ।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে সতীন শাহিনা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’ এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ নিবিড়ভাবে তদন্ত করছে বলে জানান তিনি।
এআইএল/সকালবেলা