রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আ.লীগের সাবেক এমপির মেয়ে ডরিন গ্রেপ্তার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকালে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি ওয়ারী বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন।
ডিসি মোল্লা মোহাম্মদ শাহীন জানান, ডরিন দেশের স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।