দেশকে অস্থিতিশীল করতে অপশক্তি সক্রিয়: মাওলানা ইউনুছ
স্টাফ রিপোর্টার: দেশকে নতুন করে অস্থিতিশীল করতে একটি পরাজিত অপশক্তির নানামুখী অপতৎপরতা লক্ষ করা যাচ্ছে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য চরম হুমকি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। এ অবস্থায় প্রশাসনকে সজাগ থাকার পাশাপাশি সর্বস্তরের দেশপ্রেমিক নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (২৩ জুন) পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ বাংলাদেশ আয়োজিত 'চলমান পরিস্থিতিতে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বীর মুক্তিযোদ্ধাদের ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ ইউনুছ আহমাদ আরও বলেন, “স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও আমরা এখনো প্রকৃত স্বাধীনতার স্বাদ খুঁজে ফিরছি। বন্ধু রাষ্ট্রের অবন্ধু সুলভ আচরণ আমাদেরকে প্রতিনিয়ত হতাশ করছে। সাম্প্রতিক কালে পুশইনের নামে নতুন এক চক্রান্তের শিকার হচ্ছি আমরা। এ নিয়ে রাষ্ট্রকে যথাযথ আন্তর্জাতিক ও কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে।”
সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি ও স্থানীয় সাহসী তরুণদের রাত জেগে পাহারাদারি করার ভূমিকার প্রশংসা করে মহাসচিব বলেন, “এমন সাহসী সন্তানেরাই একাত্তরে দেশ স্বাধীন করেছে এবং চব্বিশের গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আগামী দিনে দেশের বিরুদ্ধে যেকোনো চক্রান্ত মোকাবিলায় দেশপ্রেমিক বীর সন্তানদের সদা জাগ্রত থাকতে হবে।”
ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল ওয়াদুদ এবং বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এআইএল/সকালবেলা
|