বানারীপাড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ণ
বানারীপাড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সাঈদ পান্থ (বরিশাল): বরিশাল বানারীপাড়ায় মানসিক প্রতিবন্ধী তরুণীকে (১৭) ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার একমাত্র অভিযুক্ত আসামি সাইমন বেপারীকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২১ অক্টোবর) সকালে তাঁকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় এসআরবির সহায়তায় থানা পুলিশের একটি দল ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে সাইমনকে গ্রেপ্তার করে।

এর আগে ভিকটিমের মা বাদী হয়ে গত ১৯ অক্টোবর রাতে বানারীপাড়া উপজেলার বালীপাড়া গ্রামের আব্দুল বেপারীর ছেলে সাইমন বেপারীর বিরুদ্ধে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর বালীপাড়া গ্রামের নির্যাতিতা প্রতিবন্ধী তরুণী প্রতিবেশী তাজউদ্দিনের বাড়ির পুকুরে গোসল করতে যান। এ সময় তাঁর মা বাড়ির পাশের জমিতে গরু বাঁধতে গিয়েছিলেন। পরবর্তীতে বাড়িতে ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশী তাজউদ্দিনের ঘরের বারান্দায় অভিযুক্ত সাইমনকে ধর্ষণ করতে দেখে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত সাইমন পালিয়ে যান।

বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান বলেন, “ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে। অন্যদিকে মামলা গ্রহণের পরপরই তথ্যপ্রযুক্তির সহায়তায় আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

এআইএল/সকালবেলা