আমরা বারবার জনগণের কাছে আসব, সুখে-দুঃখে পাশে থাকব: সমবায় প্রতিমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ণ
আমরা বারবার জনগণের কাছে আসব, সুখে-দুঃখে পাশে থাকব: সমবায় প্রতিমন্ত্রী

যুগান্তর প্রতিবেদন: দেশের প্রতিটি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পাশাপাশি আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের কৃষক কার্ডের আওতায় আনা হবে বলেও ঘোষণা দেন তিনি। এছাড়া ইমাম ও মুয়াজ্জিনদের জন্য নির্দিষ্ট বেতন-ভাতার ব্যবস্থা করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে বগুড়ার শিবগঞ্জে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেই পাঁচ বছর পর বর্তমান সরকার আবার জনগণের দ্বারে ভোট চাইতে যাবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী স্পষ্ট করে জানান, স্থানীয় সরকার নির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। জনগণ তাদের স্বাধীন ইচ্ছায় পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি আরও বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সে যেই হোক না কেন, দলীয় পরিচয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। দলের সুনাম ও শৃঙ্খলা রক্ষার্থে স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান নেবেন।

এ সময় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিএনপির প্রার্থীদের নির্বাচিত করলে তৃণমূল ও গ্রামাঞ্চলে উন্নয়নের জোয়ার ছড়িয়ে দেওয়া আরও সহজ হবে।

জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে মীর শাহে আলম বলেন, "বেহেশতের লোভ দেখিয়ে মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে। গত দুর্গাপূজায় যেভাবে তারা ঢাকের তালে নেচেছেন, এবার নির্বাচনের পর কেন সেখানে গেলেন না? তারা হলেন মৌসুমি রাজনীতিবিদ। ভোটের সময় এলে তারা বেহেশতের লোভ দেখান এবং পূজামণ্ডপে যান; অথচ নির্বাচন শেষ হলে জনগণের খোঁজ নেওয়ার মতো কোনো সময় তাদের থাকে না।" এ সময় লংমার্চের নামে তেল ও গ্যাস নিয়েও নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগকে ইঙ্গিত করে প্রতিমন্ত্রী বলেন, "অতীতে তাদের জনগণের ভোটের প্রয়োজন ছিল না, তাই তারা কখনো জনগণের কাছে যায়নি। কিন্তু আমাদের জনগণের ভোটের প্রয়োজন আছে। তাই আমরা বারবার আপনাদের কাছে আসব, আপনাদের সমস্যার কথা শুনব এবং সুখে-দুঃখে পাশে থাকব।"

অনুষ্ঠানে মোকামতলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামানসহ শিবগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে প্রতিমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন এবং স্থানীয় পরিচ্ছন্নতা কার্যক্রমে ময়লা পরিবহণ ভ্যানের উদ্বোধন করেন।

নিক নেম: এআইএল/সকালবেলা