বিএনপি জনগণকে আশাহত করেছে: বিরোধীদলীয় উপনেতা তাহের

প্রকাশ: শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ণ
বিএনপি জনগণকে আশাহত করেছে: বিরোধীদলীয় উপনেতা তাহের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, বিএনপি জনগণকে আশাহত করেছে।

শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের একটি রিসোর্টে জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. তাহের বলেন, জামায়াতের নেতাকর্মীদের সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে। দায়িত্বশীল ভূমিকা, সাহসিকতা, আমানতদারি, ত্যাগের মানসিকতা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে জনকল্যাণে কাজ করতে হবে।

তিনি বলেন, চৌদ্দগ্রামের বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ, শিক্ষার মানোন্নয়ন, সড়ক নির্মাণ ও সংস্কার, ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে।

এ ছাড়া সুন্দর চৌদ্দগ্রাম গড়ে তুলতে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলালসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন