এবার মামুনুল হককে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের

এবার মামুনুল হককে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোট বিজয়ী হয়ে সরকার গঠন করলে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মোহাম্মদপুরে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এই ঘোষণা দেন।

মোহাম্মদপুরের জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, মাওলানা মামুনুল হক এই অঞ্চলের মানুষের জন্য একজন সাহসী নেতা। ইনশাআল্লাহ, জোট সরকার গঠন করলে তিনি এই এলাকা থেকে একজন মর্যাদাবান মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁর নেতৃত্বে আমরা একটি ইনসাফ কায়েমের বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো চাঁদাবাজি ও দুর্নীতি থাকবে না।

 উল্লেখ্য, এর আগে তিনি আরও চারজন নেতাকে মন্ত্রী করার আশ্বাস দিয়েছেন। রাজধানীর বাড্ডায় ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণার পাশাপাশি কুমিল্লা-১১ আসনের ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে মন্ত্রিসভার সিনিয়র সদস্য করার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়াও মহেশখালী-কুতুবদিয়া আসনের হামিদুর রহমান আযাদ এবং উল্লাপাড়ার মাওলানা রফিকুল ইসলাম খানকেও নির্বাচিত হলে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী করার ঘোষণা দেন জামায়াত আমির।

গত রোববার রাজধানীর বাড্ডায় অনুষ্ঠিত জনসভায় ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলামকে নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, যুগ পরিবর্তনের জন্য তরুণ নেতৃত্বের বিকল্প নেই। ইনসাফের বাংলাদেশ গড়তে নাহিদ ইসলামের মতো মেধাবী তরুণকে সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে।

মন্তব্য করুন