২৫ দিনেই এলো ২৭৯ কোটি ডলারের রেমিট্যান্স, প্রবৃদ্ধিতে নতুন রেকর্ড

২৫ দিনেই এলো ২৭৯ কোটি ডলারের রেমিট্যান্স, প্রবৃদ্ধিতে নতুন রেকর্ড

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকা: দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের জোয়ার অব্যাহত রয়েছে। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২৫ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২৭৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার (২.৭৯ বিলিয়ন)। প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ১৭ লাখ ডলারের বেশি রেমিট্যান্স। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২২৮ কোটি ১০ লাখ ডলার। সেই হিসেবে বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ২২২ কোটি ৫০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই প্রবৃদ্ধির হার প্রায় ২১ দশমিক ৮০ শতাংশ।

এর আগে সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে দেশে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে একক কোনো মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়। সংশ্লিষ্টরা মনে করছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের উৎসাহ প্রদান এবং ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময় হার স্থিতিশীল থাকায় প্রবাসীরা দেশে টাকা পাঠাতে আরও বেশি আগ্রহী হচ্ছেন। রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন