সাধারণ যাত্রীর মতো বাসে প্রধানমন্ত্রীর কটিয়াদী সফর, স্থানীয়দের তুমুল প্রশংসা

প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ণ
সাধারণ যাত্রীর মতো বাসে প্রধানমন্ত্রীর কটিয়াদী সফর, স্থানীয়দের তুমুল প্রশংসা

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: রাষ্ট্রীয় প্রটোকল ও কঠোর নিরাপত্তার বাইরে সাধারণ যাত্রীর মতো বাসে চড়ে কটিয়াদী, পাকুন্দিয়া ও কিশোরগঞ্জ সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই ব্যতিক্রমী চলাফেরা স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

রোববার জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কটিয়াদীতে আসেন প্রধানমন্ত্রী। সফরকালে বাসের জানালা দিয়ে তরুণদের সঙ্গে সেলফি তোলা এবং শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নজর কাড়ে সবার।

কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন ও শিক্ষক-সাংবাদিক মাসুম পাঠান জানান, রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকেও সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার এই দৃশ্য জেলাবাসীর মন জয় করেছে। কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চন্দনের মতে, প্রধানমন্ত্রীর এমন সাধারণ জীবনযাপন সাধারণ মানুষের সঙ্গে রাষ্ট্রের দূরত্ব কমানোর প্রতীকী বার্তা দেয়।

জাতীয় মৎস্য পক্ষের আয়োজনকে কেন্দ্র করে কটিয়াদী ও পাকুন্দিয়া এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাটে পোনা অবমুক্তকরণ ও জনসমাগমে দুই উপজেলার বিভিন্ন দাবির বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। সফরকালে তিনি কটিয়াদীতে একটি হ্যাচারি পরিদর্শন করেন এবং সফল মৎস্যচাষিদের মাঝে স্বর্ণপদক বিতরণ করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন