আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোরের মণিরামপুর উপজেলায় বাণিজ্যিকভাবে বিদেশি জাতের আঙ্গুর চাষে ব্যাপক সাফল্য দেখাচ্ছেন স্থানীয় তরুণ ও নার্সারি মালিকরা। সম্ভাবনাময় ও লাভজনক এই আঙ্গুর চাষের প্রসার দেখতে সাধারণ দর্শনার্থীদের সারিতে দাঁড়িয়ে চাষ পরিদর্শন করেছেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।
গতকাল শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে তিনি উপজেলার মাসনা মাদ্রাসার কবরস্থান সংলগ্ন ‘বিএম এগ্রো ফার্ম’ পরিদর্শনে যান।
এমপি অ্যাডভোকেট গাজী এনামুল হক শুধু মাঠপর্যায়ে পরিদর্শনই করেননি, রীতিমতো অভিভূত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আঙ্গুর চাষের মাচার নিচে দাঁড়িয়ে নিজের বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন, যা ইতিমধ্যেই সর্বমহলে বেশ প্রশংসিত হচ্ছে।
পরিদর্শনকালে আঙ্গুর চাষের উজ্জ্বল সম্ভাবনা নিয়ে সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক সংবাদমাধ্যমকে বলেন, “আমাদের দেশের মাটিতে বিদেশি বিভিন্ন বাহারি জাতের আঙ্গুরের এমন চমৎকার ফলন সত্যিই আশাব্যঞ্জক। সরকারি পৃষ্ঠপোষকতায় যদি মাঠপর্যায়ে এই আঙ্গুর চাষ আরও বৃদ্ধি করা যায়, তবে দেশের অভ্যন্তরীণ ফলের ঘাটতি পূরণ করে বিভিন্ন স্থানে বাজারজাত করা সম্ভব।” তিনি আরও বলেন, এটি দেশের শিক্ষিত যুবসমাজের বেকারত্ব দূরীকরণের পাশাপাশি অতিরিক্ত অর্থ উপার্জনের মাধ্যমে চাষিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার এক নতুন দিগন্ত উন্মোচন করবে। পরিদর্শনকালে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
মণিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন জাতের বিদেশি আঙ্গুর চাষে ঝুঁকছেন স্থানীয় নার্সারি মালিক ও যুবসমাজ। তাঁদের এই সাফল্য দেখে উদ্বুদ্ধ হয়ে অনেকেই এখন বাণিজ্যিকভাবে এই চাষে এগিয়ে আসছেন। চাষকৃত বাগানের থোকায় থোকায় ঝুলন্ত বাহারি আঙ্গুর দেখতে এবং চাষিদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নিতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে উৎসুক জনতা ভিড় করছেন।
তবে উপজেলার সফল আঙ্গুর চাষিরা জানান, আঙ্গুর চাষ অত্যন্ত ব্যয়বহুল এবং এতে অধিক শারীরিক শ্রম ও নিবিড় পরিচর্যার প্রয়োজন হয়। তাই মণিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ, সঠিক রোগবালাইনাশক পরামর্শ ও আর্থিক সহযোগিতা পেলে এই এলাকায় আঙ্গুর চাষের ব্যাপক প্রসার ঘটানো সম্ভব।
এআইএল/সকালবেলা