ময়মনসিংহের ত্রিশালে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক: রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে নির্মমভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানার সর্বোচ্চ শাস্তি দ্রুত নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালের নজরুল মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দৃঢ়তার সাথে বলেন, শিশু ও নারী নির্যাতনের যেকোনো ঘটনায় বর্তমান সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের জঘন্য অপরাধ সমাজে কোনোভাবেই সহ্য করা হবে না।
তারেক রহমান স্পষ্ট করে বলেন, “রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে। সেই সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড, যেন ভবিষ্যতে আর কোনো ব্যক্তি বা অপরাধী এভাবে অসহায় শিশু কিংবা নারী নির্যাতন করার দুঃসাহস না পায়।”
তিনি দেশের বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে আরও বলেন, অপরাধীর বিচার প্রক্রিয়া সম্পূর্ণভাবে দেশের নির্ধারিত আইনি কাঠামোর মধ্য দিয়েই দ্রুত সম্পন্ন হবে এবং এই স্পর্শকাতর বিষয়ে কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।