মাদারীপুরে ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ

প্রকাশ: শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ণ
মাদারীপুরে ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ

নাজমুল হাসান, মাদারীপুর: মাদারীপুরের ডাসার উপজেলায় নারী ও শিশুদের ওপর ক্রমবর্ধমান ধর্ষণ এবং সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে এক বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (২৩ মে) বিকেল ৫টায় উপজেলার পাথুরিয়ার পাড় স্ট্যান্ড এলাকায় স্থানীয় সামাজিক সংগঠন ‘দীপ্ত তারুণ্য’-এর উদ্যোগে এই বিশাল কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সচেতন তরুণ, যুবসমাজ এবং সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে "ধর্ষণ মুক্ত সমাজ চাই, নিরাপদে বাঁচতে চাই", "ধর্ষকের ফাঁসি চাই", "নারী নির্যাতন রুখে দাঁড়াও" সম্বলিত বিভিন্ন স্বরচিত প্রতিবাদী প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা অপরাধীদের হুশিয়ারি দিয়ে বলেন, "চুপ থাকলে সমাজে অপরাধের মাত্রা বাড়ে, আর ঐক্যবদ্ধ প্রতিবাদে অপরাধের পথ থামে।" তাঁরা দেশে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়া নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং বিভিন্ন পাশবিক সহিংসতার ঘটনায় গভীর সামাজিক উদ্বেগ প্রকাশ করেন। একই সাথে এসব জঘন্য ও সমাজবিধ্বংসী অপরাধের সাথে জড়িত অপরাধীদের রাজনৈতিক ও সামাজিক পরিচয় বিবেচনা না করে দ্রুততম সময়ের মধ্যে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে কঠোর ও দৃষ্টান্তমূলক ফাঁসির শাস্তি নিশ্চিতের দাবি জানান।

তরুণ নেতারা সমাজের প্রতিটি স্তরে, শিক্ষাপ্রতিষ্ঠানে ও গণপরিবহনে নারীর অবাধ চলাচল ও নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতি কঠোর নজরদারির আহ্বান জানান। আজ বিকেলে বিক্ষোভ মিছিলটি পাথুরিয়ার পাড় স্ট্যান্ডের প্রধান প্রধান সড়ক ও আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে ডাসার-কালকিনি সড়কের মোড়ে এক সংক্ষিপ্ত ও তপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন