এনসিপি নেতা তারেক রেজাসহ ২২ জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা

প্রকাশ: শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ণ
এনসিপি নেতা তারেক রেজাসহ ২২ জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। 

শনিবার (২৩ মে) দুপুরে ঝিনাইদহ সদর থানায় জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বর্তমান সদস্য এই মামলাটি দায়ের করেন।

এর আগে শুক্রবার রাতে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছিল। তার পরদিনই ছাত্রদলের পক্ষ থেকে পাল্টা এই মামলাটি করা হলো।

ঘটনার বিবরণীতে জানা যায়, গত শুক্রবার দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ শেষে বাইরে বের হলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারীর উপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

এই হামলার ঘটনার পর দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত এনসিপির নেতাকর্মীরা সদর থানায় অবস্থান নেন। পরে গভীর রাতে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে পুলিশের কঠোর পাহারায় ঝিনাইদহ ত্যাগ করেন নাসীরুদ্দিন পাটওয়ারী। সেই মামলার জের ধরেই আজ দুপুরে এনসিপি নেতাদের বিরুদ্ধে পাল্টা এই মামলাটি দায়ের করল ছাত্রদল।

মন্তব্য করুন