সৈয়দপুরে পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যু

প্রকাশ: শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ণ
সৈয়দপুরে পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যু

মো. মাইনুল হক, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ফুটবল খেলা শেষে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক মেধাবী ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। 

আজ শনিবার (২৩ মে) দুপুরে ওই কলেজের পূর্ব পাশে অবস্থিত মাস্টারপাড়া এলাকার একটি গভীর পুকুরে এই মর্মন্তুদ দুর্ঘটনাটি ঘটে। একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক ও মুষড়ে পড়েছেন সেনা সদস্য বাবা ও মা।

নিহত ছাত্রের নাম রাফিদ রহমান কাব্য (১৬)। সে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী ছিল (রোল নং- ৩০৯, সেকশন- বি)। সে নীলফামারীর ডোমার উপজেলার চিকনমাটি এলাকার বাসিন্দা ও বাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত সদস্য হাবিবুল্লাহর একমাত্র ছেলে। কাব্য সৈয়দপুর মাস্টারপাড়া এলাকায় একটি মেসে থেকে কলেজের পড়াশোনা চালিয়ে আসছিল।

সহপাঠী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুরে তীব্র গরমের মধ্যে কাব্যসহ তাঁর মেসের ও কলেজের ৭ জন সহপাঠী (ক্লাসমেট) মিলে কলেজ মাঠে ফুটবল খেলে। খেলা শেষে শরীর ঠাণ্ডা করতে সবাই মিলে মেসের পাশের ওই পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে কাব্য সাঁতরে পুকুরের মাঝামাঝি গভীর এলাকায় চলে যায়। কিন্তু ওপার থেকে সাঁতরে তীরে ফেরার সময় মাঝপুকুরে হঠাৎ সে ক্লান্ত হয়ে পড়ে এবং কিছু বুঝে ওঠার আগেই পানির অনেক গভীরে তলিয়ে যায়।

এ সময় তাঁর বন্ধুরা আপ্রাণ চেষ্টা করেও তাকে টেনে তুলতে ব্যর্থ হয়। পরে পাশেই নির্মাণাধীন একটি ভবনে কর্মরত রাজমিস্ত্রি ও নির্মাণ শ্রমিকদের চিৎকার করে ডেকে আনা হয়। শ্রমিকরা পুকুরে নেমে দীর্ঘ খোঁজাখুঁজির পর তাকে অচেতন ও নিথর অবস্থায় উদ্ধার করে। সহপাঠী ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মেধার সর্বোচ্চ স্তরে থাকা এইচএসসি পরীক্ষার্থী কাব্যের এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে তাঁর শিক্ষাপ্রতিষ্ঠান, সহপাঠী ও শিক্ষকদের মাঝে চরম শোকের ছায়া নেমে এসেছে। আজ বিকেল সাড়ে ৫টায় সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সেনা কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, একমাত্র সন্তানকে হারিয়ে কাব্যের বাবা-মা মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন। ডোমার উপজেলার চিকনমাটি গ্রামের বাড়িতে আজ মাগরিবের নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কলেজের শিক্ষকরা গভীর শোক প্রকাশ করে বলেন, “আমরা একজন অত্যন্ত সম্ভাবনাময় ও মেধাবী ছাত্রকে হারালাম।” তাঁরা কাব্যের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন