নবাবগঞ্জে আমন ফসলে ঘাড়পচা রোগের আক্রমণ

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ণ
নবাবগঞ্জে আমন ফসলে ঘাড়পচা রোগের আক্রমণ

বিশেষ প্রতিনিধি: দেশের অন্যতম শস্যভান্ডার হিসেবে পরিচিত দিনাজপুরের নবাবগঞ্জে ২০২৬-২৭ অর্থবছরের খরিপ-২ মৌসুমে আমন ফসলে নেকব্লাস্ট বা ঘাড়পচা রোগের ব্যাপক আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকেরা। একাধিকবার কীটনাশক প্রয়োগ করেও কাঙ্ক্ষিত সুফল না পাওয়ায় চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগাম জাতের আমন ধানে এই রোগের প্রকোপ তেমন একটা না পড়লেও এলাকায় ‘জিরা’ জাত হিসেবে পরিচিত ব্রি-৩৪ ধানের ক্ষেতে এর মারাত্মক প্রভাব পড়েছে। ঘাড়পচা রোগের পাশাপাশি ফসলে কারেন্ট পোকার (বাদামি গাছফড়িং) আক্রমণও দেখা দিয়েছে। ফসল বাঁচাতে কৃষকেরা কীটনাশক স্প্রে করার পাশাপাশি ক্ষেতের মাঝখানে সারি ফাঁকা করে বাতাস চলাচলের ব্যবস্থা করছেন। তবে এই জাতের ধান পাকতে ও কাটতে এখনো প্রায় এক মাস সময় বাকি থাকায় শেষ পর্যন্ত ফলন কেমন হবে, তা নিয়ে শঙ্কিত চাষিরা।

উপজেলার বুজরুক হরিনা গ্রামের কৃষক তোফাজ্জল হোসেন জানান, এলাকার জিরা (ব্রি-৩৪) ধানে নেকব্লাস্ট ও কারেন্ট পোকার আক্রমণে ধানের শীষ মরে সাদা হয়ে যাচ্ছে এবং গাছ শুকিয়ে মারা যাচ্ছে। বেড়ামালিয়া গ্রামের চাষি ছলিম উদ্দিন মেম্বার ও স্বাধীন চন্দ্রও একই ধরনের ক্ষতির কথা জানিয়েছেন।

দলার দরগা বাজারের কীটনাশক বিক্রেতা ফরিদ হোসেন বলেন, উপজেলার শালখুরিয়া, পুটিমারা ও ভাদুরিয়া ইউনিয়নসহ প্রায় সব এলাকাতেই এই রোগ ও পোকার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, সার্বিকভাবে মাঠের ফসলের অবস্থা ভালো রয়েছে। তবে কিছু নির্দিষ্ট এলাকায় নেকব্লাস্ট রোগ ও পোকার আক্রমণ দেখা দিয়েছে, যেখানে কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠপর্যায়ে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নবাবগঞ্জে ২১ হাজার ৭৪০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৯১০ হেক্টর জমিতে হাইব্রিড এবং ১৯ হাজার ৮৩০ হেক্টর জমিতে উফশী জাতের ধান আবাদ হয়েছে। এবার হেক্টরপ্রতি গড় উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ দশমিক ৩৫ মেট্রিক টন চাল।

এআইএল/সকালবেলা