দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে: কৃষিমন্ত্রী
বিশেষ প্রতিনিধি: দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে, তাই এ নিয়ে কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে স্পষ্ট করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। একই সঙ্গে কেউ কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে সার মজুতের চেষ্টা চালালে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর ফুলগাজীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা জানান। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে প্রস্তুতি ও সার্বিক পরিদর্শনের অংশ হিসেবে ফুলগাজী সফরে যান মন্ত্রী।
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ আরও জানান, দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই। তবে একটি অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টায় সার গুদামজাত করার চক্রান্ত করছে। তাদের ইতোমধ্যেই চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে।
কৃষকদের সহায়তায় প্রথম পর্যায়ে সারা দেশে ১ লাখ ১০ হাজার কৃষি কার্ড বিতরণের সিদ্ধান্তের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ফেনী জেলাতেই সাড়ে ৭ হাজার কৃষক এই সুবিধা পাবেন। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি ফেনীতে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
এর আগে মন্ত্রী ফুলগাজীতে প্রধানমন্ত্রীর আগামী জনসভার স্থান ঘুরে দেখেন এবং প্রস্তুতি পর্ব ও সার্বিক নিরাপত্তার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ফেনী জেলা প্রশাসক মাহবুব উল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিক উল্লাহসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা